আর কিছুক্ষণ পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং (আংশিক) উদ্বোধন হতে যাচ্ছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে উপস্থিত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এ উপলক্ষে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) সব প্রস্তুতি সম্পন্ন করেছে। কর্তৃপক্ষের পাশাপাশি প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, সফট ওপেনিং এর পর আজ রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশের নেপালগামী একটি ফ্লাইট তৃতীয় টার্মিনাল ব্যবহার করে ঢাকা ত্যাগ করবে। সেই ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিংও করবে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স। উদ্বোধনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে মহড়াও সম্পন্ন হয়েছে।
এ টার্মিনালের একাংশে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে দু’টি ফ্লাইট পরিচালনা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার (২ অক্টোবর) ও বৃহস্পতিবার (৫ অক্টোবর) ওই দুইটি ফ্লাইট পরিচালনা করা হয়।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শফিউল আজিম বাংলানিউজকে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এর সফট ওপেনিং এর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্পূর্ণ প্রস্তুত। টার্মিনাল-৩ এর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য নতুন ইকুইপমেন্ট সংগ্রহ করা হয়েছে। এছাড়া দায়িত্ব পালনকারী জনবলের জন্য আন্তর্জাতিক মানের নতুন ইউনিফর্ম প্রস্তুত করা হয়েছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মুফিদুর রহমান বলেন, নির্ধারিত সময়ের আগেই আমরা প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছি। যখন প্রকল্প শুরু হলো, তখন মহামারি শুরু হয়ে গেল। মহামারি চলাকালীন অবস্থায় এ একটা প্রকল্প আমরা বাস্তবায়ন থেকে সরে যাইনি। এ সময় নির্মাণকাজে জড়িত সব প্রতিষ্ঠানের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
তবে, টার্মিনাল উদ্বোধনকে কেন্দ্র করে কাওলা সিভিল এভিয়েশন মাঠে আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত জনসমাবেশটি স্থগিত করা হয়েছে।
জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সমাবেশটি আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ১৪ অক্টোবর একই স্থানে সমাবেশটি অনুষ্ঠিত হবে।




