চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে আয়োজিত ক্রিকেটের মহারণ ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের অন্যতম ফেভারিট হিসেবেই ভারতের মাটিতে পা রেখেছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বৈশ্বিক আসরে তুলনামূলক নবাগত নেদারল্যান্ডস ভয়ই ধরিয়ে দিয়েছিল ১৯৯২ সালের চ্যাম্পিয়নদের মনে। তবে পাক পেস অ্যাটাকের সাথে পারলেন না ডি লিড-কলিন অকারম্যানরা। অঘটনের সম্ভাবনা জাগিয়েও ৮১ রানে হারল নেদারল্যান্ডস। পাকিস্তানের দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে ৪১ ওভারে ২০৫ রানেই অলআউট হয় ১২ বছর পর বিশ্বকাপে ফেরা নেদারল্যান্ডস।
শুক্রবার (৬ অক্টোবর) হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান-নেদারল্যান্ডস। র্যাঙ্কিংয়ের ২ ও ১৪ এর লড়াইয়ে টস জিতেন এবারের আসরের একমাত্র নন টেস্ট খেলুড়ে দেশ নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টস জিতে তিনি বাবর আজমদের ব্যাটিংয়ে পাঠালে মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিলের জোড়া ফিফটিতে জয়ের জন্য ডাচদের ২৮৭ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় পাকিস্তান। জবাবে লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েও ২০৫ রানে থামে ডাচদের ইনিংস। ৮১ রানের জয়ে আসরে ভালো শুরু হলো বাবর আজমের দলের।




