Wednesday, October 4, 2023

মন্ত্রী-এমপিদের নজর এখন ছোট প্রকল্পে

অনুমোদনের কৌশল হিসেবে বেশি গুরুত্ব পাচ্ছে ছোট ছোট প্রকল্প। বিশেষ করে ৫০ কোটি টাকার নিচে ব্যয়ের এমন প্রকল্পে উৎসাহ দেখাচ্ছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। এর ধারাবাহিকতায় সম্প্রতি পরিকল্পনা কমিশনে ছোট প্রকল্প প্রস্তাব বেশি আসছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এসব প্রকল্প অনুমোদনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিকল্পনা কমিশনে আসা প্রকল্প প্রস্তাব পর্যালোচনা করে দেখা গেছে, প্রস্তাবিত প্রকল্পের অধিকাংশই ছোট। এসব প্রকল্পে বেশিরভাগই গ্রামীণ অবকাঠামো উন্নয়নবিষয়ক। গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, সেচ ব্যবস্থার উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্টেডিয়াম, মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয় নির্মাণ ও স্থাপন এসব প্রকল্পের আওতায়।

বিশেষজ্ঞরা বলছেন, ছোট প্রকল্প পরিকল্পনামন্ত্রীর অনুমোদন এখতিয়ার থাকায় ঝক্কি কম থাকে। সেই সঙ্গে ছোট প্রকল্পের মাধ্যমে সংসদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের দৃশ্যমান কার্যক্রম দেখানো সম্ভব হয়। এ কারণে নির্বাচন সামনে রেখে বর্তমানে ছোট প্রকল্প অগ্রাধিকার পাচ্ছে বেশি।

প্রকল্পগুলো পর্যালোচনা করে এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্রুত অনুমোদনের জন্য কৌশল হিসেবে ছোট প্রকল্পগুলো নেওয়া হচ্ছে। এজন্য এসব প্রকল্পের ব্যয় এমনভাবে ধরা হচ্ছে, যেন ৫০ কোটির নিচে থাকে। ৪৯ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ের প্রকল্প প্রস্তাব করা হয়েছে। তবে কোনোভাবেই ৫০ কোটির ওপরে যাচ্ছে না সংস্থাগুলো।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, সাধারণত বড় প্রকল্পগুলো একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। এজন্য প্রকল্পগুলো বিভিন্ন স্তরে অনেক যাচাই-বাছাই শেষে একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কিন্তু ৫০ কোটি টাকার প্রকল্পগুলো পরিকল্পনামন্ত্রী অনুমোদন দিতে পারেন, অনুমোদনের ঝক্কি-ঝামেলাও কম। এ কারণে মন্ত্রণালয় এবং বিভাগগুলো ছোট ছোট প্রকল্প প্রস্তাব করে থাকে, যাতে দ্রুত অনুমোদন নিতে পারে।

এদিকে সম্প্রতি এমপি, মন্ত্রী এবং বিভিন্ন এলাকার জনপ্রতিনিধির পরিকল্পনা কমিশনে যাতায়াত বেড়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এমনকি কমিশনের সচিবসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের দপ্তরে ভিড় করছেন তারা। জানা গেছে, আসন্ন নির্বাচন এবং সরকারের শেষ সময় হওয়ায় ভোটারদের সন্তুষ্টির জন্য তারা প্রস্তাবিত প্রকল্পগুলো অনুমোদন করিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কালবেলাকে বলেন, নির্বাচনের জন্য আসছে কি না, সেটা বলতে পারব না। নির্বাচনের জন্য হলেও হতে পারে। এটি লুকানোর কিছু নয়। ছোট প্রকল্প সাধারণত গ্রামে হয়, নিম্নআয়ের মানুষের উপকারে কাজে লাগে। নির্বাচনের জন্য হলেও সমস্যা নেই। বাছাইটা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে ছোট প্রকল্পে লাভ বেশি। কারণ, ছোট প্রকল্পের মাধ্যমে সাধারণ গ্রামাঞ্চলে কাজ হয়। মনিটরিং ভালো হয়, চোখে দেখা যায় এবং দেশীয় প্রযুক্তি ব্যবহারে বাস্তবায়ন সম্ভব হয়। গ্রামের রাস্তাঘাট উন্নয়ন, খেলার মাঠ, মসজিদ নির্মাণ ও সংস্কারের মতো এমন ছোট প্রকল্প ভেরি গুড। শুধু বাছাইটা ঠিকঠাক মতো হতে হবে।

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *