Wednesday, October 4, 2023

তলে তলে সমঝোতার সুযোগ নেই: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তলে তলে সমঝোতার সুযোগ নেই। এবার আর কেউ আপস করবে না। ভালোয় ভালোয় নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আমরা বিএনপির হাতে ক্ষমতা চাই না, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ পাশে সরকার পতনের একদফা দাবি আদায়ে বিএনপির কুমিল্লা থেকে চট্টগ্রামে তারুণ্যের রোডমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এদিন সকাল ১০টায় কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া খন্দকার ফুড গ্যালারির সামনে থেকে বিএনপির চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ শুরু হয়। ফেনী হয়ে রাত ৯টার দিকে চট্টগ্রামের কোতোয়ালি থানার নেভাল মোড়ে রোডমার্চ-পরবর্তী সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়।

চট্টগ্রাম ব্যুরো জানায়, রোডমার্চ-পরবর্তী সমাবেশে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ টিকে আছে বন্দুকের জোরে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। আমরা পরিষ্কার করে বলতে চাই, অনেক কথা বলেছি, অনেক রোডমার্চ করেছি, অনেক সমাবেশ করেছি। এবার শেষ রোডমার্চ চট্টগ্রামে। এরপরে আর কোনো রোডমার্চ নেই। এরপর সব হবে ঢাকায়, রাজধানীতে। রাজধানীতে পতন ঘটাতে হবে।

মহাসচিব বলেন, এখনো সময় আছে, ভেবে দেখুন। সামনে দুর্গাপূজা, এর আগে কঠোর কোনো কর্মসূচি দিতে চাই না। এ মাসটা দেখতে চাই। এর মধ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন।

এ সময় সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন তিনি। আগামীকাল শনিবার থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী এ কর্মসূচি পালিত হবে। এর মধ্যে কিছু কর্মসূচি যুগপৎভাবে এবং কিছু দলীয়ভাবে পালিত হবে।

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *