Wednesday, October 4, 2023

চূড়ান্ত হলো শাকিবের পরবর্তী নায়িকা

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নামে একটি সিনেমা বানাবেন নির্মাতা অনন্য মামুন। ছবির শুটিং হবে ভারতের বেনারসে। এতে শাকিবের নায়িকা নেওয়া হবে বলিউড থেকে। তবে কাকে নেওয়া হবে তা এতদিন ছিল অজানা। পরিচালকও এ বিষয়ে কিছু জানাননি।

শোনা যাচ্ছিল দরদ চলচ্চিত্রে শাকিবের নায়িকা হতে পারেন—প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান কিংবা শেহনাজ গিল। শাকিবভক্তদের বিভিন্ন গ্রুপে এসব নায়িকার নাম ছড়িয়ে পড়েছিল।

এবার জানা গেল কে হতে চলেছেন শাকিবের নায়িকা। দরদ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন বলিউডের সোনাল চৌহান। সম্প্রতি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সোনালের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে সিনেমাটির তিন প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম কলকাতার এসকে মুভিজ বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা গত বৃহস্পতিবার বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেন, ‘এ বিষয়গুলো আমার ছেলে হিমাংশু ধানুকা দেখছে। তবে আমি জানি, সোনাল চৌহান এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। কবে হয়েছেন, এর সঠিক তারিখ মনে নেই।’

ভারতের উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারের কন্যা সোনাল চৌহান। বলিউডের প্রায় দেড় ডজন সিনেমায় অভিনয় করেছেন তিনি। জিতেছেন স্টারডাস্ট, ফিল্মফেয়ারসহ বেশকিছু পুরস্কার। তবে এ বছরের জুনে মুক্তি পাওয়া তার অভিনীত ‘আদিপুরুষ’ সুপার ফ্লপ হয়েছে।

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *